মার্চ ১০, ২০২৬, ০১:৩৫ পিএম
দিনাজপুর সদর উপজেলার খামার ঝাড়বাড়ি নতুন পাড়ায় একটি নতুন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলে অত্র এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের পাশাপাশি নতুন প্রজন্মের জন্য উন্নত শিক্ষার সুযোগ তৈরি হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের কাছে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় যে উন্নয়নমূলক ইশতেহার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবেই এই মাদ্রাসার নির্মাণকাজ শুরু করা হয়েছে।
তারা আরও জানান, খামার ঝাড়বাড়ি নতুন পাড়ার স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টসহ এলাকার দীর্ঘদিনের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখা সবসময় জনগণের পাশে থাকবে। এলাকার সামগ্রিক উন্নয়নে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মনজুর আলম জুয়েল এবং সাধারণ সম্পাদক আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সহ-সম্পাদক এস.এম. রাজ্জাকুর রহমান রিপু। বক্তারা তাদের বক্তব্যে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে দলমতনির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নবীন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আবু শাহিন এবং জেলা সাংগঠনিক সম্পাদক মো. ইনসান আলী। এছাড়া সদর উপজেলা নবীন দলের সভাপতি রাশেদ উজ জামান রুপন, সাধারণ সম্পাদক খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গা, পৌর শাখার সভাপতি সবুজ আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী এই সময় অংশ নেন। মাদ্রাসাটি দ্রুত সম্পন্ন করতে উপস্থিত সকলে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন