শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মো: মামুনুর রশিদ

মার্চ ১০, ২০২৬, ০২:৪০ পিএম

দিনাজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দুর্যোগ প্রস্তুতির মহড়া :ছবি-দিনাজপুর টিভি

"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় দুর্যোগকালীন জানমাল রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালি শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় জীবন রক্ষার কৌশল প্রদর্শন করে একটি বিশেষ মহড়া পরিচালনা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ হঠাৎ করেই জনজীবনে আঘাত হানে। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হলে সামাজিক সচেতনতা ও ব্যক্তিগত প্রস্তুতির কোনো বিকল্প নেই। তিনি বিশেষ করে স্কুল, হাট-বাজার ও জনসমাগমস্থলে ফায়ার সার্ভিসের এই মহড়াগুলো নিয়মিত প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে নিয়মিত আলোচনা হওয়া প্রয়োজন।

দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম। অনুষ্ঠানে বক্তারা আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার অভিযানে প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর আলোকপাত করেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।