মার্চ ৩১, ২০২৬, ১১:১৪ এএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ জন আটক হয়েছেন। মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ পৌরসভার হাড়িপাড়া এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি চৌকস দল।
অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযুক্তদের অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোঃ সাইফুল্লাহ আল কাফি ওরফে বাধনকে ১ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মোঃ বধু মিয়া, মোঃ রাব্বি ইসলাম এবং মোঃ আশরাফুল আলমকে ৬ মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। মোঃ শাহিনুর ইসলামকে প্রদান করা হয়েছে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
আদালতের কার্যক্রম শেষে সাজাপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাদের জেলা কারাগারে পাঠানো হবে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এই ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রশাসনের এমন সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন