রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু ক্লিনিকে ভাঙচুর

মোঃ আব্দুর রাজ্জাক

এপ্রিল ৪, ২০২৬, ০৯:৩৮ এএম

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু ক্লিনিকে ভাঙচুর

দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে পৌর শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন বীরগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। নিহতের নাম সমেজা খাতুন (২৫)। তিনি কাহারোল উপজেলার সরঞ্জা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ক্লিনিকের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে ক্লিনিকটি সিলগালা করে দেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সমেজা খাতুনকে সিজারিয়ান অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ডাঃ বকুল হোসেন। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণসহ নানা জটিলতা দেখা দেয় এবং সমেজার মৃত্যু হয়। পরিবারের দাবি, বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক মালিক বেলাল হোসেন তড়িঘড়ি করে একটি মাইক্রোবাসে করে চিকিৎসকসহ রোগী ও স্বজনদের দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে পাঠিয়ে দেন।

এদিকে ঘটনার পর থেকেই ক্লিনিক মালিক বেলাল হোসেন ও সংশ্লিষ্ট চিকিৎসকসহ স্টাফরা ক্লিনিক ছেড়ে পালিয়েছেন। বর্তমানে ক্লিনিকটি জনশূন্য অবস্থায় রয়েছে। বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে যে তারা উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা জানান, এই ক্লিনিকে এর আগেও চিকিৎসার মান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। প্রসূতি মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্লিনিকটি সিলগালা করার সিদ্ধান্তকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।