মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বাংলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

মো: মামুনুর রশিদ

এপ্রিল ১৮, ২০২৬, ০৫:৪৫ পিএম

দিনাজপুরে বাংলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবার বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের আনন্দমুখর উপস্থিতি ও মিলনমেলার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ।

স্বাগত বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মো. আখতারুল ইসলাম রাঙ্গা, সহকারী শিক্ষক সুবর্ণা দাস ও মো. রবিউল ইসলাম।

শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে নবম শ্রেণীর ছাত্র এন্তাকিয়া হক ও দশম শ্রেণীর ছাত্র মো. শহিদুল ইসলাম সোহাগ। পরীক্ষার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে নুর মোহাম্মদ ও উম্মে তাস্মিম। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম।প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম তাঁর সভাপতির বক্তব্যে বলেন, এই স্কুল থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে।

 নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কর্ণধার হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, সঠিক শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওবাইদুল্লাহ। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।