রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

রঙ পেন্সিল আর্ট একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ ইউসুফ আলী

এপ্রিল ২৫, ২০২৬, ০৮:৫১ পিএম

রঙ পেন্সিল আর্ট একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রঙ পেন্সিল আর্ট একাডেমির উদ্যোগে বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের লিলি মোড় সংলগ্ন পাহাড়পুর রোডে অবস্থিত একাডেমির নিজস্ব কার্যালয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।চিত্রাংকন প্রতিযোগিতাটি মোট পাঁচটি গ্রুপে বিভক্ত ছিল। 

এতে শিশু শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ক থেকে ঙ গ্রুপে অংশ নেয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান। আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অত্যন্ত উৎসাহের সঙ্গে এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভারতের সারদা ইউনিভার্সিটির (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক ইমরান খান। তিনি শিক্ষার্থীদের শিল্পমনা হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, চিত্রাংকন শুধু ছবি আঁকা নয়, এটি মনের মাধুরী মিশিয়ে সত্য ও সুন্দরকে ফুটিয়ে তোলার একটি মাধ্যম। এমন আয়োজন শিশুদের মেধা বিকাশে বড় ভূমিকা রাখে।

 

রঙ পেন্সিল আর্ট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিউর রহমান পায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ওলি এডুকেশন অ্যান্ড কনসালটেন্টের ম্যানেজিং ডিরেক্টর আদনান হাসান আপেল। এছাড়া ওলি গ্রুপ অ্যান্ড কোম্পানির ম্যানেজমেন্ট অফিসার মো. জান্নাতুল নাঈম এবং নর্থ বেঙ্গল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত অভিভাবকগণ একাডেমির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান। সবশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের সাফল্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের হাতে অর্জিত সম্মাননা তুলে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।