এপ্রিল ২৫, ২০২৬, ০৯:১১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার ছোট বোচাপুকুর গ্রামে বীরগঞ্জ থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বীরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট বোচাপুকুর গ্রামের জনৈক গাজিউর রহমানের বসতবাড়িতে মাদক সেবনের খবর পায় পুলিশ। তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আটককৃতরা হলেন উপজেলার শিমুলতলা গ্রামের মো. রনি (২৫), ডাঙ্গী পুকুর গ্রামের বুদু রায় (২১), ছোট বোচাপুকুর গ্রামের লিটন টুডু (২১), উত্তর সুজালপুর গ্রামের মো. আল-আমিন (২২) এবং একই গ্রামের মো. রানা মিয়া (২২)।
অভিযানের পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমা খাতুন। তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।বিচারিক কার্যক্রমের সময় সেখানে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দণ্ডপ্রাপ্তদের বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই ত্বরিত পদক্ষেপের প্রশংসা করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন