মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের মাংস বিতরণ

মোঃ আরিফ ইসলাম

মে ২৯, ২০২৬, ১১:১৯ এএম

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের মাংস বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় ইয়াদ গার্ডেনের সামনে এক মানবিক কর্মসূচির মাধ্যমে এই মাংস বিতরণ করা হয়। হিউম্যানিটি ফার্স্ট কানাডার অর্থায়নে ও হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে ২২৯টি প্রান্তিক ও অসহায় পরিবারের মাঝে মাংস তুলে দেওয়া হয়।ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন। 

তিনি নিজ হাতে স্থানীয় দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর মাঝে কোরবানির পশুর মাংস বিতরণ করেন। এ সময় স্থানীয় সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এমন মানবিক কার্যক্রম সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের খুশি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে এই ধারা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।