জুন ২৫, ২০২৬, ০৩:৪২ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির দিনাজপুর সেক্টরের অধীনে তিনটি ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে চালানো অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এসব ধ্বংস করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা।ধ্বংসকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদককে একটি নীরব ঘাতক হিসেবে উল্লেখ করেন যা তরুণদের মেধা ও নৈতিকতা ধ্বংস করে। তিনি সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সাহসী ভূমিকার প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে এবং মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সরকারের শূন্য সহনশীলতা নীতির আলোকে এই প্রতিরক্ষামূলক তৎপরতা চলমান থাকবে বলে কর্মকর্তারা আশ্বস্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট ২০ বিজিবি, ফুলবাড়ী ২৯ বিজিবি এবং দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন সময়ে মালিকবিহীন অবস্থায় এই মাদকগুলো জব্দ করেছিলেন। ধ্বংস করা মাদকের তালিকায় ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন। এছাড়াও ২ লাখ ৪৮ হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৪০ গ্রাম কোকেন, ১০ গ্রাম হেরোইন এবং ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদসহ ৫১৬ লিটার দেশি মদ ধ্বংস করা হয়।
প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষের উপস্থিতিতে এসব মাদক আগুনে পুড়িয়ে ও ভেঙে বিনষ্ট করা হয়।উক্ত মাদক নিরোধ অনুষ্ঠানে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানসহ সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়কেরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা এই কার্যক্রমে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন