জুলাই ২, ২০২৬, ০৬:১৩ পিএম
দিনাজপুরে অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সংগঠনের জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মিছিলে মার্কিন-বাংলাদেশ চুক্তি বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে দলীয় সভাপতি ও জননেতা রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবিও তুলেছেন দলটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দিনাজপুর শহরে এই কর্মসূচি পালিত হয়।সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমেছে দলটি।
মিছিলের উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহামুদুল হাসান মানিক অভিযোগ করেন, ড. ইউনুস দেশ শাসনকালে নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছেন। তিনি এই চুক্তিকে দেশকে মার্কিন সামরিক ঘাঁটি বানানোর ষড়যন্ত্র বলে অভিহিত করেন। এই মরণ চুক্তি বাতিলের দাবিতে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা ও শফিকুল ইসলাম শিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা রাশেদ খান মেননের অবিলম্বে মুক্তি না দিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন।
দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দলের কেন্দ্রীয় নেতারা সরকারের প্রতি তাদের দাবি পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা রক্ষায় রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন