জুলাই ১৩, ২০২৬, ০৭:৪০ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল পাঁচটায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে মাহফিলে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলের প্রবীণ এই রাজনীতিবিদের স্মরণে আয়োজিত মাহফিলে শোকের আবহ তৈরি হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও আলহাজ্ব মাহবুব আহমেদ। এছাড়া জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম এবং শিক্ষক নেতা মোঃ শহিদুল ইসলাম মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান ও দেশের জন্য তার গৌরবময় ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা এবং আমিনুল ইসলাম মুন্না উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ আখতারুজ্জামান, প্রচার সম্পাদক বাবু চৌধুরী এবং জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজাসহ কৃষক দল, তাঁতী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহিলা দল, ড্যাব ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন