আগস্ট ১১, ২০২৬, ০৫:২৬ পিএম
প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত মসজিদে এই আয়োজন সম্পন্ন হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই স্মরণ সভার আনুষ্ঠানিক সূচনা করা হয়।মিলাদ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত ও সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ হারানো শহীদদের রুহের শান্তি কামনা করে দোয়া করা হয়েছে।
মোনাজাতে দেশের বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকারসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সদস্যদের কল্যাণ কামনা করা হয়। দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর ঐক্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন উপস্থিত মুসল্লিরা। এই ধর্মীয় আয়োজনে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন