আগস্ট ১৭, ২০২৬, ০১:৩০ পিএম
দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকায় অবস্থিত মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে নবনির্মিত স্কুল অডিটোরিয়ামের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ পরিচালিত মানবিক ও প্রযুক্তিবান্ধব এই শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও শিক্ষা উপকরণ তুলে দেন এবং নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করেন। স্কুলের সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার মোহাম্মদ বোরহান উদ্দিন। এছাড়া আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশের সমন্বয়কারী মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ ও প্রশাসন বিষয়ক কর্মকর্তা আতিকুর রহমান খান এবং সহকারী প্রধান শিক্ষক ফেরদৌসী আহম্মেদ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি এস এম হাবিবুল হাসান তাঁর বক্তব্যে বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং শিক্ষকরাও অত্যন্ত আন্তরিক। অভিভাবকদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই শিক্ষার্থীরা একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। সভাপতির বক্তব্যে মিনারা বেগম জানান, স্কুলটিকে একটি আধুনিক ও মানবিক গুণাবলি সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল ও পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। এছাড়া শিক্ষার্থী মনিষা পারভীন সেতু ও পলাশের যৌথ সঞ্চালনায় এবং শিক্ষক নিরঞ্জন হিরার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন