রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়ের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৭:২৫ পিএম

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়ের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়ের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ এলাকায় তার নিজ পারিবারিক শ্মশানে এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মোস্তফাবাদ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সতীশ চন্দ্র রায় ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ।তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন এবং তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া সাবেক সরকারের মন্ত্রিসভায় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।