মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে সোনার দাম আরও কমলো, নতুন ভরি কত?

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০১:৫৭ পিএম

দেশে সোনার দাম আরও কমলো, নতুন ভরি কত?

স্বর্ণের বাজার দর

দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৫ টাকা কমানো হয়েছে। এর ফলে এখন থেকে এই মানের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের ব্যয় করতে হবে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। 

শনিবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করার কথা জানিয়েছে সংগঠনটি।বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম হবে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা ও ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা। উল্লেখ্য যে গতকাল শুক্রবারও স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। 

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যার মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এই দফায় দাম কমানো হয়েছে।