মার্চ ২৮, ২০২৬, ১০:৫৯ এএম
টানা সাত দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এবার মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৭ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। শনিবার সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই মূল্য কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকায় বিক্রি হবে।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা।এর আগে গত ২৭ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম এক দফায় ৬ হাজার ৫ ৯০ টাকা কমানো হয়েছিল। তবে মাত্র এক দিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দাম বাড়ানোর পথে হাঁটল বাজুস। তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৪৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দামের পরিবর্তন দেখা গিয়েছিল, যার মধ্যে ৬৪ বারই দাম বৃদ্ধি করা হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও বাজারে বর্তমানে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা এবং ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে এই দামের ওঠানামা হচ্ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। নিয়মিত ব্যবধানে এই মূল্যের পরিবর্তন দেশের অলংকার শিল্পের ওপর গভীর প্রভাব ফেলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন