মার্চ ২৮, ২০২৬, ১১:২৬ এএম
চট্টগ্রাম বন্দরে আগামী পাঁচ দিনের মধ্যে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নিয়ে তিনটি বড় জাহাজ ভিড়বে। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে দেশের সমুদ্রসীমায় পৌঁছেছে এবং বাকি দুটি আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তিনটি জাহাজে থাকা মোট এলএনজির পরিমাণ প্রায় ১ লাখ ৯৩ হাজার টন।
শুক্রবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এই তথ্য নিশ্চিত করেছেন।বন্দর সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে এইচএল পাফিন নামের একটি ট্যাংকার গত বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে।
এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে সেলসিয়াস গ্যালাপাগোস নামের আরও দুটি জাহাজ বুধবারের মধ্যে বন্দরে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।
স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজগুলো নির্দিষ্ট সময়েই পৌঁছাবে বলে তারা আশা করছেন।বাংলাদেশে ব্যবহৃত এলএনজির সিংহভাগ অর্থাৎ প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতার থেকে সরবরাহ পাওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে কাতার থেকে দুটি এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা সম্ভব হয়নি।
এর মধ্যে একটি ট্যাংকার রাস লাফান বন্দরে এলএনজি বোঝাই অবস্থায় এখনও আটকে রয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো বিকল্প উৎস থেকে গ্যাস আমদানি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।চট্টগ্রাম বন্দর সূত্রে আরও জানা গেছে, চলতি মার্চ মাসে এ পর্যন্ত মোট সাতটি এলএনজি ট্যাংকার দেশে পৌঁছেছে।
সাধারণত প্রতি মাসে গড়ে ১০ থেকে ১১টি ট্যাংকার বন্দরে আসে। সেই তুলনায় এবারের সরবরাহ কিছুটা কম হলেও নতুন এই তিন জাহাজের আগমন পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিকল্প উৎস থেকে এলএনজি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা থাকলেও আপাতত দেশে বড় ধরনের কোনো গ্যাস সংকট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন