সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৮:৫৮ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দর

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৫০০ ডলার থেকে নেমে আউন্সপ্রতি স্বর্ণের দাম এখন ৪ হাজার ৪৯৩ দশমিক ৭৯ ডলারে অবস্থান করছে। মূলত আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন। 

স্বর্ণের এই দরপতনের ফলে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণের বাজারে বর্তমানে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববাজারে দাম কমার প্রভাবে দেশটিতে গত এক মাসে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১০০ দিরহাম বা প্রায় ৩ হাজার ২০০ টাকারও বেশি কমেছে।

দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের জুয়েলারি দোকানগুলোতে এখন দীর্ঘ মন্দাভাব কাটিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে বিনিয়োগের জন্য ২৪ ক্যারেট স্বর্ণের বার ও কয়েন এবং অলঙ্কারের জন্য জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 

খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। তবে সাম্প্রতিক এই দরপতন বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষকেই পুনরায় বাজারে ফিরিয়ে এনেছে। রোববার আমিরাতের স্থানীয় বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৫৪১ দশমিক ২৫ দিরহামে এবং ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১ দশমিক ২৫ দিরহাম।

আমিরাতের বড় জুয়েলারি প্রতিষ্ঠান বাফলে জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা জানান, বর্তমান দামকে বাজারে বিনিয়োগের জন্য সেরা সুযোগ হিসেবে দেখছেন ক্রেতারা। আগে যারা দাম কমার অপেক্ষায় ছিলেন, তারা এখন বড় আকারে স্বর্ণের বার ও কয়েন সংগ্রহ করছেন। শুধু অভিজ্ঞ বিনিয়োগকারী নয়, এবার তরুণ ও নতুন ক্রেতারাও বাজারে ভিড় করছেন বলে তিনি উল্লেখ করেন। 

বিশ্ববাজারের এই দরপতন কতদিন স্থায়ী হবে তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল থাকলেও বর্তমান অবস্থাকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন। আন্তর্জাতিক বাজারে ডলারের স্থিতিশীলতা এবং তেলের দামের পরিবর্তনের ওপর ভিত্তি করে সামনের দিনগুলোতে স্বর্ণের বাজার দর আরও পরিবর্তিত হতে পারে।