মার্চ ৩১, ২০২৬, ০১:০৮ পিএম
দেশে বর্তমান জ্বালানি সংকট নিয়ে জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার প্রধান কারণ প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করার প্রবণতা। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান যে বাজারে কোনো প্রকৃত ঘাটতি নেই বরং কৃত্রিমভাবে এই সংকট তৈরি করা হচ্ছে।
বর্তমানে দেশে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে মন্ত্রী সংসদে নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এই সংকট উত্তরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সরবরাহে শৃঙ্খলা ফেরাতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এপ্রিল মাসে বিদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশীয় বিভিন্ন উৎস থেকে আরও প্রায় ৩০ হাজার মেট্রিক টন অকটেন পাওয়া যাবে।
এই পরিমাণ জ্বালানি দিয়ে আগামী দুই মাসের অভ্যন্তরীণ চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মন্ত্রী তার বিবৃতিতে সরবরাহ ব্যবস্থার একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে গত বছরের তুলনায় তেল সরবরাহের ক্ষেত্রে যে অস্বাভাবিক ব্যবধান দেখা যাচ্ছে, তা থেকে একটি বিষয় স্পষ্ট—জ্বালানি ঘাটতির চেয়ে মানুষের অতিরিক্ত মজুত করার মানসিকতাই এখন বড় সমস্যায় পরিণত হয়েছে। সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও মানুষ যদি প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে ঘরে রাখে, তবে স্বাভাবিক বণ্টন প্রক্রিয়া ব্যাহত হতে বাধ্য।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা এবং আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার জনগণের স্বার্থে তেলের দাম বাড়ায়নি। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করছে। এই পরিস্থিতিতে জনগণের সহযোগিতা একান্ত কাম্য। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন যে কোনো অবস্থাতেই অপ্রয়োজনীয় জ্বালানি কেনা বা বিদ্যুৎ-জ্বালানির অপচয় করা উচিত হবে না।
বিবৃতির শেষ পর্যায়ে সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি অভিযোগ করেন যে কিছু কুচক্রী মহল এই সংকটের সুযোগ নিয়ে তেল পাচারে জড়িয়ে পড়ছে। সরকার জনগণকে সাথে নিয়ে এসব কালোবাজারিদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। মন্ত্রী দৃঢ়তার সাথে বলেন যে ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বৈশ্বিক সংকট মোকাবিলা করা সম্ভব এবং কোনো শক্তিই আমাদের মনোবল ভেঙে দিতে পারবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন