এপ্রিল ১, ২০২৬, ০৫:০৩ পিএম
জুনের মধ্যেই দেশের সব বাণিজ্যিক ব্যাংকে ‘বাংলা কিউআর’ অ্যাপের ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন।
মূলত দেশের ব্যাংকিং খাতে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন উৎসাহিত করা এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মতবিনিময় সভায় গভর্নর ব্যাংকিং খাতের সুশাসন ও সংস্কার নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি স্বীকার করেন যে, অতীতে বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকগুলোতে কাঙ্ক্ষিত সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো অনাকাঙ্ক্ষিত প্রভাব আর বরদাশত করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
একই সঙ্গে খেলাপি ঋণের লাগাম টানতে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রতিটি ঋণের আবেদন এখন থেকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করতে হবে।বিশেষ করে নতুন কোনো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে অধিকতর সতর্ক হতে বলা হয়েছে। গভর্নর আশা প্রকাশ করেন যে, বাংলা কিউআর প্রযুক্তির ব্যাপক প্রসারে দেশে নগদ টাকার ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে।
এতে ডিজিটাল লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি জাতীয় রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, বাংলা কিউআর হলো কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত একটি জাতীয় স্ট্যান্ডার্ড, যার মাধ্যমে গ্রাহক স্মার্টফোনে সরাসরি পেমেন্ট করতে পারেন। স্পর্শবিহীন এই প্রযুক্তি লেনদেনের গতি বাড়াতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সরকারের এই নতুন পরিকল্পনার ফলে মাঠ পর্যায়ে ডিজিটাল লেনদেনের এক নতুন দ্বার উন্মোচিত হবে বলে ব্যাংকিং সংশ্লিষ্টরা ধারণা করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন