রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৪:০৯ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের দরপতন হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে স্বর্ণের দাম অনেকটা নিচে নেমে আসে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। 

ট্রাম্পের এই কড়া বার্তায় বিশ্ববাজারে তেলের দাম ও ডলারের মান বেড়েছে, যা সরাসরি স্বর্ণের বাজারে বড় ধস নামিয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের সরবরাহ করা তথ্যানুযায়ী, বৃহস্পতিবার স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। 

অথচ দিনের শুরুতে এই দাম ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। ট্রাম্পের বিশেষ ভাষণের পর স্বর্ণের টানা চার দিনের দরবৃদ্ধির প্রবণতা থমকে যায়। এর পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচার ৩ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৬৪৯ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ মার্চের পর থেকে স্বর্ণের বাজার যখন ধীরে ধীরে চাঙা হয়ে উঠছিল, ঠিক তখনই ট্রাম্পের এই ঘোষণা বাজার পরিস্থিতি পাল্টে দেয়। ট্রাম্প তাঁর ভাষণে স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসী হামলা চালিয়ে যাবে এবং দেশটি তাদের প্রধান কৌশলগত লক্ষ্য অর্জনের পথেই রয়েছে। এই বক্তব্যে যুদ্ধ থামার আশা করা বিনিয়োগকারীরা হতাশ হয়ে স্বর্ণ ছেড়ে ডলারের দিকে বেশি ঝুঁকে পড়েন।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রোড্ডা জানিয়েছেন, ট্রাম্পের ভাষণের পর সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম এবং ডলারের মান বেড়েছে। সাধারণত ডলারের মান শক্তিশালী হলে স্বর্ণের দাম কমে যাওয়ার প্রবণতা থাকে, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। ট্রাম্পের এই অবস্থানের কারণে অদূর ভবিষ্যতে সুদের হার কমার সম্ভাবনাও অনেকখানি ক্ষীণ হয়ে এসেছে।

একই দিনে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও বড় পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭১ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া মূল্যবান ধাতু প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

বিশ্ববাজারে আকস্মিক এই দাম কমার ঘটনায় দেশীয় বাজারে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববাজারে দাম কমায় ভারতের বাজারে স্বর্ণের চাহিদা কিছুটা বাড়তে দেখা গেছে। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে চীনে। দেশটির ক্রেতারা দাম আরও কমার অপেক্ষায় থাকায় সেখানে কেনাবেচার গতি এখন পর্যন্ত অনেকটাই ধীর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।