এপ্রিল ৪, ২০২৬, ০৩:৫৮ পিএম
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৫ এপ্রিল রোববার থেকে নতুন এই সময়সূচি অনুযায়ী দেশের সব ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আগে এই লেনদেনের সময়সীমা ছিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে নতুন এই নিয়মের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে ব্যাংকের অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক পর্যায়ে লেনদেনের জন্য বিকেল ৩টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
ব্যাংকিং খাতের এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য। সাম্প্রতিক সময়ে জ্বালানি খরচ কমাতে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। সেই সিদ্ধান্তের আলোকেই কেন্দ্রীয় ব্যাংক তাদের আগের সময়সূচি সংশোধন করল। এর আগে ব্যাংকগুলোর অফিস সময় ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখন তা এক ঘণ্টা কমিয়ে ৫টা পর্যন্ত করা হয়েছে।
তবে বিশেষ কিছু এলাকায় এই নিয়মের ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো বিশেষ প্রয়োজনে তাদের চাহিদামতো সময়ে খোলা রাখা যাবে। বন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই নতুন সূচি বাস্তবায়নের ফলে বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় নিশ্চিত হবে, যা বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কার্যকর ভূমিকা রাখবে।
রোববার সকাল থেকেই দেশের প্রতিটি ব্যাংক শাখা এই নির্দেশনা মেনে তাদের লেনদেন কার্যক্রম পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ গ্রাহকদের নতুন এই সময়ের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য ব্যাংকের পক্ষ থেকে বিশেষ প্রচারণার উদ্যোগও নেওয়া হচ্ছে। আমানত গ্রহণ থেকে শুরু করে ঋণ বিতরণ ও অন্যান্য নিয়মিত ব্যাংকিং সেবার ক্ষেত্রে এখন থেকে বিকেল ৩টার পর আর নতুন কোনো এন্ট্রি নেওয়া হবে না। তবে অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ ৫টা পর্যন্ত চলমান থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন