সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোতাছিম বিল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ০৮:৫৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোতাছিম বিল্লাহ

নির্বাহী পরিচালক মোতাছিম বিল্লাহ

বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নিয়মিত পদ ‘নির্বাহী পরিচালক’ হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মোতাছিম বিল্লাহ। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক নির্দেশনা জারি করে তাঁকে এই পদোন্নতি প্রদান করা হয়েছে।

দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে মোতাছিম বিল্লাহ ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে কাজ করেছেন। তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। 

এরপর থেকে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে দেশের প্রথম নিজস্ব কার্ড স্কিম ‘টাকাপে’, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম এবং বাংলা কিউআর প্রবর্তনের মতো আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

শিক্ষা জীবনেও তিনি কৃতিত্বের সাক্ষর রেখেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর পাশাপাশি তিনি বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গৃহীত সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্টের অধীনে কেন্দ্রীয় ব্যাংকের আইটি অবকাঠামো এবং বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিকীকরণ কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

উল্লেখ্য যে, মোতাছিম বিল্লাহ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নগদ-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গত এক বছরে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক ও কারিগরি উভয় ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তাঁর তত্ত্বাবধানে এক বছরের মধ্যেই নগদের লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাংক রেগুলেশন এবং ডিজিটাল পেমেন্ট বিষয়ে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। 

পদোন্নতি পাওয়ার পর সংশ্লিষ্ট মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আধুনিকায়নে তাঁর দক্ষতা আগামী দিনে কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণে সহায়ক হবে। বর্তমানে তিনি তাঁর নতুন পদের পাশাপাশি নগদের প্রশাসনিক কার্যক্রমও যথাযথভাবে তদারকি করছেন। তাঁর এই অর্জনকে ব্যাংকিং খাতের পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সহকর্মীরা।