মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বাজারে স্বর্ণের দামে বড় পতন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০৬:২১ পিএম

বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন দেখা গেছে। মঙ্গলবার (১২ মে) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৮ দশমিক ২২ ডলারে নেমে আসে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছালেও পরবর্তীতে তা কমতে শুরু করে। 

এদিকে জুনে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দামও শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৭০৬ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। 

একই সঙ্গে ডলার ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সুদের হার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্য প্রকাশের আগে বাজারে এই চাপ লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম বাড়তে থাকলে বৈশ্বিক মূল্যস্ফীতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন একটি ধারণা তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে প্রভাব ফেলেছে।

আন্তর্জাতিক বাজারে ডলারের মান শক্তিশালী হওয়া এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন স্বর্ণের দামের এই ওঠানামায় বড় ভূমিকা রাখছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যের অপেক্ষায় রয়েছেন, যা স্বর্ণের পরবর্তী গতিপথ নির্ধারণ করতে পারে।