মে ২২, ২০২৬, ০৪:০৯ পিএম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটির সময় দেশের ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থা সচল রাখার তাগিদ দেওয়া হয়েছে। তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এক সার্কুলারে এই নির্দেশ দেওয়া হয়।গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ছুটিকালীন সময়ে অটোমেটেড টেলার মেশিন বা এটিএম, পয়েন্ট অব সেল, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেন চালু রাখতে হবে। সব এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ বজায় রাখতে বলা হয়েছে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের বুথ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।পিওএস ও কিউআর কোড-ভিত্তিক লেনদেনে জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার কথা বলা হয়েছে।
অনলাইন লেনদেনের নিরাপত্তা জোরদারে টু ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। বিশেষ করে কার্ড সরাসরি ব্যবহার না করে যেসব অনলাইন লেনদেন হয়, সেগুলোতে এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির দিনে বাড়তি লেনদেনের চাপ মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।
সব ধরনের ইলেকট্রনিক লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।
গ্রাহকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল লেনদেনে নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণাও চালাতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিভাগ থেকে পূর্বে জারি করা সব নির্দেশনাও যথাযথভাবে অনুসরণ করতে হবে। সামগ্রিক অর্থনৈতিক লেনদেন সচল রাখতে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন