সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

দাম বেড়ে দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ১১:০০ এএম

দাম বেড়ে দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার এক বিজ্ঞপ্তিতে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। তেজাবি স্বর্ণ ও রুপার বিশ্ববাজার ও স্থানীয় দরের পরিবর্তনের কারণে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার থেকে দেশের বাজারে এই বর্ধিত দামেই মূল্যবান ধাতু দুটি বিক্রি হচ্ছে।নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় পাওয়া যাচ্ছে। রুপার ক্ষেত্রেও একইভাবে দাম বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকায় কেনাবেচা হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৯ বার সমন্বয় করেছে বাজুস।এর আগে গত ২৩ মে দাম কিছুটা কমানো হলেও কয়েকদিনের ব্যবধানে তা আবার বাড়ল। চলতি বছর স্বর্ণের দাম ৩৭ দফা বাড়ানো হয়েছে এবং কমেছে ৩২ দফা। 

অন্যদিকে রুপার দাম এ বছর ৪০ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ২২ বার দাম বেড়েছে। বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, গত ২০২৫ সালেও স্বর্ণ ও রুপার দামে ব্যাপক অস্থিরতা ছিল।স্বর্ণের গয়না ও অলংকার কেনার আগে ক্রেতাদের নতুন এই দর সম্পর্কে অবহিত থাকার অনুরোধ জানানো হয়েছে।