জুলাই ২৯, ২০২৬, ০৪:২৩ পিএম
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাস কূপের খনন কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা বাপেক্স এই খনন কার্যক্রম পরিচালনা করছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, `সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প`-এর আওতায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক সূচনার পর বুধবার সকাল থেকে পুরোদমে কূপটির খনন কাজ এগিয়ে চলছে। প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে এক হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৩৬১ মিটার ও এক হাজার ৪৫০ মিটার গভীরে দুটি স্তরে প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
পরিকল্পনা অনুযায়ী, ৪৫ দিন ধরে খনন কাজ চলবে এবং পরবর্তীতে ১৫ দিন ডিএসটি টেস্ট বা উৎপাদন পরীক্ষা সম্পন্ন করা হবে। এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সুনির্দিষ্টভাবে মজুতকৃত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
তবে বাপেক্সের প্রাথমিক ধারণা বলছে, কূপটি সফলভাবে খনন ও পরীক্ষা সম্পন্ন করা গেলে এখান থেকে প্রতিদিন প্রায় সাত মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানো এবং স্থানীয় পর্যায়ে শক্তির উৎস বাড়াতে এই নতুন গ্যাস কূপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন