অক্টোবর ১৪, ২০২৫, ০২:২৩ পিএম
দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের পরদিন এ বিষয়ে মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, “ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি, দামটা মিলমালিকেরা বা উৎপাদকরা বাড়িয়েছেন।”মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে গতকাল সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে” এই মূল্য সমন্বয় করা হয়েছে।
উৎপাদকদের সংগঠনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ বাণিজ্য উপদেষ্টা সরকারের অবস্থান স্পষ্ট করলেন। তার এই বক্তব্যে এটি প্রতীয়মান হয় যে, দাম বাড়ানোর সিদ্ধান্তটি উৎপাদকদের নিজস্ব, সরকার শুধু বিষয়টি অবগত হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, আজ থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৬ টাকা বেড়ে ১৯৫ টাকায় এবং খোলা সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৭৭ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন