অক্টোবর ১৪, ২০২৫, ১০:২৬ পিএম
দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শরীয়াহভিত্তিক গৃহনির্মাণ ও গাড়ি কেনার বিনিয়োগ সুবিধা চালুর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বহু কর্মকর্তা ধর্মীয় কারণে বিদ্যমান সুদভিত্তিক ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন না, যা তাদের প্রতি এক ধরনের অবিচার।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।শায়খ আহমাদুল্লাহ বলেন, “বাংলাদেশ ব্যাংকের বহু কর্মকর্তা-কর্মচারী শরীয়াহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করতে চান। যদি তাদের জন্য ইসলামী নীতি-নির্ভর হাউজিং ও গাড়ি লোন সুবিধা চালু করা হয়, তবে তা তাদের ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ সৃষ্টি করবে এবং প্রকৃত অর্থেই এটি হবে তাদের অধিকার আদায়ের একটি মাধ্যম।”
তিনি আরও বলেন, দেশের ইসলামী ব্যাংকগুলো সঠিকভাবে শরীয়াহ অনুসরণ করছে কিনা, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। তিনি শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন।উল্লেখ্য, বর্তমানে অন্যান্য সরকারি কর্মকর্তারা সরকার নির্ধারিত নীতিতে শরীয়াহভিত্তিক ব্যাংকগুলো থেকে গৃহনির্মাণ বিনিয়োগ সুবিধা পেলেও, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব জন্য এমন কোনো ব্যবস্থা নেই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন