রকিবুল হাসান মুন্না
নভেম্বর ১৮, ২০২৫, ০২:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আইন পাসের ২২ দিন পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় এ অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা "ব্রাকসু নিয়ে তালবাহানা চলবে না"
, "২৪ ঘণ্টায় রোডম্যাপ দিতে হবে", "ডিসেম্বরে নির্বাচন চাই" ইত্যাদি স্লোগানে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। শিক্ষার্থীদের এ দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও সমর্থন জানাতে উপস্থিত ছিলেন।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদি হাসান বলেন, প্রশাসন ব্রাকসু আইন পাসের পর আশ্বস্ত করেছিল যে এক সপ্তাহের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। কিন্তু বাস্তবে ২২ দিন পার হলেও কোনো রোডম্যাপ প্রকাশ করা হয়নি। তিনি উল্লেখ করেন, সামনে শীতকালীন ছুটি শুরু হলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।মেহেদি আরও জানান, “আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না। আজকের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করতে হবে। ব্রাকসু নির্বাচন আমাদের অধিকার। প্রশাসনকে অবশ্যই এ বিষয়ে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান অভিযোগ করে বলেন, ব্রাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট একটি গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসলেও প্রশাসন কোনো সুস্পষ্ট পরিকল্পনা ঘোষণা করেনি।মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাসলিমা শেখ মিম বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগের পর থেকে বেরোবির শিক্ষার্থীরা নিজেদের অধিকারের বিষয়ে আরও বেশি সচেতন হয়েছে। তিনি আরও বলেন, “আমরা চাই আজকের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করা হোক। শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করার কোনো সুযোগ নেই।”
ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এবং সেখানে নিজেদের দাবির পক্ষে জোরালো স্লোগান দিতে থাকেন। তারা জানান, প্রশাসন যদি দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ না নেয় তবে শিক্ষার্থীরা বাধ্য হয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।