মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ১১:২৪ পিএম

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সব পর্যায়ের মাদরাসা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী বছর সরকারি ও বেসরকারি মাদরাসাগুলোতে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) বাদে সর্বমোট ৭০ দিনের ছুটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

নতুন এই তালিকায় ধর্মীয় উৎসব, জাতীয় দিবস এবং দীর্ঘ গ্রীষ্মকালীন ও শীতকালীন অবকাশ অন্তর্ভুক্ত করা হয়েছে।ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সবচেয়ে দীর্ঘ বিরতি থাকছে পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা এক মাসেরও বেশি সময় মাদরাসাগুলোতে পাঠদান বন্ধ থাকবে। 

এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। বছরের শেষ দিকে বিজয় দিবস ও শীতকালীন অবকাশ মিলিয়ে ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত টানা ছুটি পাবেন শিক্ষার্থীরা।

হাওড় অঞ্চলের বাস্তবতাকে গুরুত্ব দিয়ে এবার একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোরো ধান কাটার মৌসুমে (মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু) হাওড় এলাকার শিক্ষার্থীরা সাধারণত প্রাতিষ্ঠানিক কার্যক্রমে উপস্থিত থাকতে পারে না। তাই ওই এলাকার মাদরাসা প্রধানরা চাইলে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে ১০ দিন সমন্বয় করে ধান কাটার মৌসুমে অতিরিক্ত ছুটি দিতে পারবেন। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার জন্য শ্রেণি কার্যক্রম বন্ধ করা যাবে না।

ছুটির তালিকার পাশাপাশি ২০২৬ সালের পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করা হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ইবতেদায়ি ও দাখিল স্তরের অর্ধবার্ষিক পরীক্ষা ২৫ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া দাখিল নির্বাচনি পরীক্ষা ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর এবং বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ধর্মীয় ছুটিগুলোর তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে। নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি জাতীয় দিবসগুলোতে তাৎপর্যপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।