মার্চ ২৩, ২০২৬, ০৭:১৭ পিএম
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের দীর্ঘ এক মাসেরও বেশি সময়ের ছুটি শেষে আগামী রবিবার থেকে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব প্রতিষ্ঠানে প্রায় ৪০ দিনের এই লম্বা ছুটি শেষ হচ্ছে আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার। তবে এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাঠ পর্যায়ে শ্রেণি কার্যক্রম বা ক্লাস শুরু হবে ২৯ মার্চ রবিবার থেকে। সরকারের সংশোধিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য যে এবার গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটি গত কয়েক বছরের মধ্যে অন্যতম দীর্ঘতম বিরতি হিসেবে বিবেচিত হচ্ছে।অন্যদিকে দেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে পরিস্থিতির কিছুটা ভিন্নতা ছিল।
গত ৮ মার্চ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের বিশেষ নির্দেশনার পর সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৯ মার্চ সোমবার থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি এগিয়ে এনে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ স্বায়ত্তশাসিত ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান এই নির্দেশের আওতায় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সময় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।ছুটির এই দীর্ঘ বিরতি শেষে আগামী ২৯ মার্চ থেকে আবারও চেনা রূপে ফিরবে দেশের ক্যাম্পাসগুলো। শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত সিলেবাস অনুযায়ী ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ঝুলে থাকা পরীক্ষাগুলো নেওয়ার তোড়জোড় শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিভাবক ও শিক্ষার্থীরা এখন দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় ক্লাসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে আগামী সপ্তাহ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় আবারও নিয়মিত ব্যস্ততা ফিরে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন