সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

বেরোবিতে ১২ এপ্রিল শুরু শহীদ আবু সাঈদ বইমেলা ২০২৬

রাকিবুল হাসান মুন্না

এপ্রিল ১১, ২০২৬, ০৫:২৭ পিএম

বেরোবিতে ১২ এপ্রিল শুরু শহীদ আবু সাঈদ বইমেলা ২০২৬

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শহীদ আবু সাঈদের বীরত্বগাথা ও স্মৃতিকে অমর করে রাখতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আগামী ১২ এপ্রিল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলা শুরু হবে যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, এবারের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। 

শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের এই মেলার উদ্বোধনী আয়োজনে সম্পৃক্ত করাকে এক বিশেষ সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।বর্তমানে দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নির্দেশনা অনুযায়ী মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মেলা প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল মেলার সময়সীমা বাড়ানো হয়েছে। 

ওইদিন সকাল ১০টা থেকেই বইপ্রেমীরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন এবং মেলা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিদিনের আয়োজনে থাকছে আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক আড্ডা, আবৃত্তি এবং গ্রন্থ পর্যালোচনার মতো সৃজনশীল কর্মসূচি।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। 

সাধারণত অমর একুশে বইমেলার আদলে ফেব্রুয়ারিতে এই মেলার আয়োজন করার কথা থাকলেও এ বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে পহেলা বৈশাখকে কেন্দ্র করে সময় নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে মেলার আয়োজন ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং রংপুরের স্থানীয় বইপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। বইমেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শহীদ আবু সাঈদের আদর্শ ও পাঠাভ্যাসের গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। মতবিনিময় সভায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।