মে ৮, ২০২৬, ১২:৩৬ পিএম
জুলাইযোদ্ধা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাম্প্রতিক কিছু বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি মন্ত্রীকে নিজের ভাষা ও আচরণগত পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেহনাজ বলেন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের আচার-ব্যবহার ও কথাবার্তা অত্যন্ত উগ্র।
তাঁর মতে, মন্ত্রী নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করেন এবং অন্যদের তাচ্ছিল্য করেন। মেহনাজ উল্লেখ করেন, মন্ত্রীর কথাবার্তা ও আচরণ আরও উন্নত করা প্রয়োজন।
শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যের সূত্র ধরে মেহনাজ বলেন, দুই দিন আগে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি স্বাধীনতা দিলে তারা জঙ্গি তৈরি করবে। এর জবাবে মেহনাজ ১৮ জুলাইয়ের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় না নামলে সরকারের অবস্থা কী হতো তা ভাবার বিষয়।
মেহনাজ আরও বলেন, এ ধরনের মন্তব্য কোনো শিক্ষার্থীর শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে না, বরং মন্ত্রীর নিজের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের শব্দ ব্যবহার করা কতটা সমীচীন তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।সন্ত্রাসবাদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে মেহনাজ জানান, কোনো একক ঘটনা দিয়ে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানকে বিচার করা ঠিক নয়। তিনি বলেন, ‘টেরোরিস্টের কোনো নির্দিষ্ট সমাজ বা প্রতিষ্ঠান নেই।
একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড় করানোকে তিনি অযৌক্তিক বলে অভিহিত করেন।বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির কাঠামোগত অভাব থাকলেও জুলাই অভ্যুত্থানে তাদের সক্রিয় ভূমিকার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন মেহনাজ। তিনি জানান, ডাকসু বা কোনো ছাত্র সংগঠন না থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা রাজপথে নেমে অভ্যুত্থান সফল করতে বড় অবদান রেখেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন