বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

উপাচার্য নিয়োগ নিয়ে ডুয়েট ক্যাম্পাসে সংঘর্ষে আহত ১৮

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৪:৪২ পিএম

উপাচার্য নিয়োগ নিয়ে ডুয়েট ক্যাম্পাসে সংঘর্ষে আহত ১৮

আহতদের প্রাথমিক চিকিৎসা

উপাচার্য নিয়োগ ইস্যু নিয়ে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রবিবারের ডুয়েট ক্যাম্পাসে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আজ ১৭ মে (রবিবার) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই ঘটনার সূত্রপাত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কেন্দ্র থেকে জানানো হয়েছে।

ডুয়েট মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া নাসরিন আকন এই আহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান যে মোট ১৮ জন আহত অবস্থায় তাদের এখানে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এদের মধ্যে ১২ জনের অবস্থা বেশ গুরুতর এবং তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের বেশিরভাগই মূলত মাথায় এবং চোখে তীব্র আঘাত নিয়ে এসেছেন। আজ সকালে সাধারণ শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করছিলেন, তখন বহিরাগত কিছু লোক এসে আকস্মিকভাবে তাদের ওপর চড়াও হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। 

গত বৃহস্পতিবার (১৪ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই এই উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের নিজস্ব জ্যেষ্ট ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন।