বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৬, ০৪:৩৩ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি পুরোনো বাস মেরামতের পেছনে প্রায় ২৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও পরিবহন পুলের তথ্য অনুযায়ী, একটিমাত্র বাসের বডিসহ সার্বিক সংস্কার কাজে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে। অতিরিক্ত এই ব্যয়ের খবর জানাজানি হওয়ার পর থেকেই সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি প্রতিষ্ঠানকে এই মেরামতের কাজ দেওয়া হয়েছিল।বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, বাস মেরামতের কাজটি সম্পন্ন করার আগে পত্রিকায় আনুষ্ঠানিক দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ওই ওয়ার্কশপকে কার্যাদেশ প্রদান করা হয় এবং সব মিলিয়ে প্রায় ২৭ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় হয়। 

তবে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সামান্য কিছু টাকা যোগ করলেই যেখানে একটি নতুন বাস কেনা সম্ভব হতো, সেখানে একটিমাত্র বাসের সংস্কারে এত টাকা ব্যয় করা চরম আর্থিক অসঙ্গতি।একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবির ক্ষোভ প্রকাশ করে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত তাদের মনে দুর্নীতির আশঙ্কা জাগিয়ে তুলেছে।

পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা জানিয়েছেন, বর্তমান বাজারে নতুন বাসের মূল্য অনেক বেশি এবং বাসটির সম্পূর্ণ বডি নতুন করে তৈরি করতে হয়েছে বলেই এই ব্যয় হয়েছে। উপাচার্যের গঠিত নির্দিষ্ট কমিটির মাধ্যমে নিয়ম মেনে দরপত্র আহ্বান করেই এই কাজটি সম্পন্ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী পরিবহন পুলের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।