বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পার্লামেন্টে বাংলায় শপথ নিলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ১১:৩৫ এএম

পার্লামেন্টে বাংলায় শপথ নিলেন কোয়েল মল্লিক

সাংসদ কোয়েল মল্লিক

টালিউড কুইন কোয়েল মল্লিক রূপালি পর্দার চিরচেনা জগত পেরিয়ে এবার ভারতীয় রাজনীতির ময়দানে নতুন এক ইনিংস শুরু করেছেন। সোমবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে এদিন তাঁর রাজকীয় উপস্থিতি ছাপিয়ে সবার নজর কেড়েছে তাঁর কণ্ঠে ধ্বনিত হওয়া গর্বের মাতৃভাষা বাংলা। 

দিল্লির দরবারে নিজের শিকড়কে সম্মান জানিয়ে বাংলায় শপথ নিয়ে কোয়েল আবারও প্রমাণ করলেন বাংলার মাটির প্রতি তাঁর গভীর টানের কথা।

শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, অভিনেত্রী যখন নিজের নাম উচ্চারণ করছেন, তখন তিনি ‍‍`রুক্মিণী মল্লিক‍‍` নাম ব্যবহার করছেন। এটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অগণিত ভক্তের মনে কিছুটা কৌতূহল ও বিস্ময় দানা বাঁধলেও বিষয়টি আসলে বেশ সাধারণ। 

রুপালি পর্দার আড়ালে কোয়েলের আসল এবং দাপ্তরিক নাম রুক্মিণী মল্লিক। ভারতের সাংবিধানিক ও সরকারি নথিপত্রে এই নামেই তিনি নিবন্ধিত।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে যখন কোয়েলের চলচ্চিত্রে অভিষেক ঘটে, তখনই তিনি পেশাদার নাম হিসেবে ‍‍`কোয়েল‍‍` বেছে নেন। তবে দীর্ঘ ক্যারিয়ারের পর যখন তিনি ভারতের উচ্চকক্ষে বাংলার মানুষের প্রতিনিধিত্ব করতে এলেন, তখন তিনি তাঁর আদি ও অকৃত্রিম নামেই শপথ গ্রহণ করলেন। তৃণমূল কংগ্রেসের এই নতুন জনপ্রতিনিধিকে স্বাগত জানিয়েছেন তাঁর দলের সহকর্মী ও অনুরাগীরা।

রাজনীতিতে বিনোদন জগতের তারকাদের আনাগোনা নতুন কোনো ঘটনা নয়, তবে কোয়েলের মার্জিত ব্যক্তিত্ব এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে। শিক্ষিত ও আধুনিক উপস্থাপনার মাধ্যমে তিনি সংসদে বাংলার দাবি এবং সাধারণ মানুষের সমস্যার কথা কতটা জোরালোভাবে তুলে ধরতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে আছে দুই বাংলার সিনেমাপ্রেমী মানুষ। সংসদীয় কার্যক্রমে তাঁর সরব উপস্থিতি ভারতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।