নভেম্বর ২৫, ২০২৫, ০৩:৫৮ পিএম
টালিউড সিনেমার দুই তারকা দেব ও শুভশ্রীর মধ্যে যেন এক অলিখিত প্রতিযোগিতা চলছে। গেল বছর ২০ ডিসেম্বর তাদের 'খাদান' ও 'সন্তান' ছবি দুটি একই দিনে মুক্তি পেয়েছিল। এবার এই দুই তারকা বড়দিনের নতুন ছবির প্রচারণায় ব্যস্ত এবং এই বছরও বক্স অফিসে তারা ফের মুখোমুখি হতে চলেছেন।
দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’—উভয় ছবিই বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই এই দুটি ভিন্ন স্বাদের ছবির মধ্যে বক্স অফিসে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
এমনকি ছবির প্রচারণার ক্ষেত্রেও এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সোমবার (২৪ নভেম্বর) একই সময়ে মুক্তি পেয়েছে দুটি ছবির দুটি গান।
প্রজাপতি ২’-এর ‘ফুটবেই বিয়ের ফুল রে’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ‘দেখো দেখো কানাইয়ে’—উভয় গানই প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকের মাঝে সাড়া ফেলেছে।শুভশ্রীর একেবারে নতুন লুক যেমন দর্শককে আকর্ষণ করেছে, তেমনি দেবের গানে ফিরে এসেছে পুরনো দিনের নস্টালজিয়ার আবহ। তবে এই প্রতিদ্বন্দ্বিতায় কোয়েল মল্লিকও থাকছেন, যিনি তার জনপ্রিয় চরিত্র মিতিন মাসীর ভূমিকায় বড় পর্দায় ফিরছেন।দেবের ‘প্রজাপতি ২’ ছবিতে তিনি আবারও মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন।
ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন জ্যোতির্ময়ী। এই ছবিতে একজন সিঙ্গেল বাবার জীবনসংগ্রাম এবং ছেলেকে ঘিরে তার দুশ্চিন্তার গল্প ফুটিয়ে তোলা হবে।অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি একটি বড় ক্যানভাসের কাজ। এই ছবিতে শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, পার্থ ভৌমিক ও আরাত্রিকা মাইতি। মহাপ্রভু শ্রীচৈতন্যর চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। ভিন্ন স্বাদের এই দুই ছবি দর্শকদের কতটা টানতে পারে, তা জানতে বড়দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন