অক্টোবর ৪, ২০২৬, ০৪:৪৬ পিএম
পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক। রোববার দলটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। একই সঙ্গে উত্তরাখণ্ডের প্রার্থী হিসেবে দীনেশ আর্যের নাম ঘোষণা করা হয়।
আগামী ১৬ অক্টোবর এই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উত্তরাখণ্ডে বর্তমান সদস্য নরেশ বনসালের মেয়াদ পূর্ণ হওয়ায় সেই আসনে নির্বাচন হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আসনটি শূন্য হয় খোদ কোয়েল মল্লিকের পদত্যাগের কারণে। চলতি বছরের ৬ এপ্রিল তৃণমূল কংগ্রেসের মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় শপথ নিয়েছিলেন তিনি।
তবে মাত্র তিন মাসের মাথায় পদত্যাগ করেন এই অভিনেত্রী। গত ১৬ জুলাই তৃণমূল কংগ্রেস ও সংসদ সদস্য পদ ছেড়ে বিজেপিতে যোগ দেন কোয়েল মল্লিক। এবার নিজের ফেলে যাওয়া সেই শূন্য আসনেই বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
এর আগে গত ২২ সেপ্টেম্বর রাজ্যসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী মোট ১১টি আসনে দ্বিবার্ষিক নির্বাচন এবং পশ্চিমবঙ্গের একটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিবার্ষিক ১১টি আসনের মধ্যে উত্তরপ্রদেশের ১০টি ও উত্তরাখণ্ডের একটি আসন রয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়েছে গত ২৯ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। পরদিন ৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ৯ অক্টোবর। ভোটগ্রহণের দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পর, অর্থাৎ বিকেল ৫টা থেকেই ভোট গণনা শুরু হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন