বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আইপিএল গ্যালারিতে সাধারণ সাজেও অসাধারণ প্রীতি জিনতা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ১১:৪৬ এএম

আইপিএল গ্যালারিতে সাধারণ সাজেও অসাধারণ প্রীতি জিনতা

গ্যালারিতে প্রীতি জিনতা

আইপিএলের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ আর চারদিকে হাজারো দর্শকের উন্মাদনার মাঝেই গ্যালারিতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন বলিউড ডিভা প্রীতি জিনতা। দীর্ঘ সময় রূপালি পর্দা থেকে দূরে থাকলেও কিংস ইলেভেন পাঞ্জাবের এই সহ-মালিকের গ্ল্যামার আর সেই ভুবনভোলানো টোল পড়া হাসি আজও কোটি ভক্তের হৃদয়ে সমানভাবে দোলা দেয়। 

তবে এবারের আইপিএলে কেবল হাসি দিয়ে নয় প্রীতি আলোচনার ঝড় তুলেছেন তাঁর হাতের একটি দুর্মূল্য ঘড়ি দিয়ে। বিলাসবহুল এই ঘড়ির আকাশচুম্বী দাম শুনে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা।

দ্য ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি আইপিএলের একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার সময় প্রীতির হাতে ফ্রান্সের বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘প্যান্থার ডে কার্টিয়ার’-এর একটি ঘড়ি দেখা গেছে। ঘড়িটি উজ্জ্বল সলিড গোল্ড দিয়ে তৈরি এবং এতে কার্টিয়ারের ঐতিহ্যবাহী সিগনেচার ডিজাইন রয়েছে। 

গোলাকার কোণা রোমান সংখ্যা এবং প্যান্থার অনুপ্রাণিত স্লিক ব্রেসলেটের এই ঘড়িটি মূলত ফাইন জুয়েলারি ও ঘড়ির এক অনন্য সংমিশ্রণ। জানা গেছে আন্তর্জাতিক বাজারে এই ঘড়ির মূল্য প্রায় ৩৫ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ লাখ ১৬ হাজার টাকার সমান।হাতে লক্ষাধিক টাকার ঘড়ি থাকলেও প্রীতির পুরো সাজপোশাক ছিল আভিজাত্য মেশানো সারল্যে ঘেরা। নিজের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি পরেছিলেন লাল রঙের একটি টি-শার্ট যার বুকে লেখা ছিল ‘পাঞ্জাবের সিংহ’। 

এর সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন আরামদায়ক সবুজ জগারস এবং লাল-সাদা রঙের পাঞ্জাব কিংস বোম্বার জ্যাকেট। সাধারণ সাজের মাঝেও তাঁর এই রুচিশীল ফ্যাশন সেন্স ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। গ্যালারিতে দল হারলেও প্রীতির উপস্থিতি সব সময়ই দর্শকদের জন্য বাড়তি পাওনা হিসেবে কাজ করে।প্রীতি জিনতার ভক্তদের জন্য এর পাশাপাশি আরও একটি বড় সুখবর রয়েছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর দীর্ঘ ৮ বছর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। 

তবে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রীতি খুব শীঘ্রই অভিনয়ে ফিরছেন আমির খান প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে বহু বছর পর আবারও সানি দেওলের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি যা নিয়ে ইতিমধ্যেই বিনোদন পাড়ায় তুমুল আগ্রহ তৈরি হয়েছে।