আগস্ট ১২, ২০২৬, ১০:২০ এএম
ভারতের ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে পরিচিত মুখ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মগরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার এই গ্রেপ্তারের পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী কর্ণাটকের ওই তরুণী গত জুন মাসে মগরা থানায় মামলা দায়ের করেছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে প্রায় সাড়ে তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে অভিষেকের সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে বিয়ের পরিকল্পনাও ছিল। এমনকি সম্পর্কের সুবাদে তারা বিদেশেও যাতায়াত করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে গত দেড় বছর ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং একপর্যায়ে বিষয়টি থানায় গড়ালেও তখন কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। পরবর্তীতে গত জুনে ভুক্তভোগী নারী নতুন করে পুলিশের শরণাপন্ন হন।পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, যার প্রেক্ষিতে আদালত দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও ইলেকট্রনিক ডিভাইস জব্দের নির্দেশ দেয়।
নতুন দণ্ডবিধির একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের অধীনে এই মামলা রুজু করা হয়েছে। যদিও অভিষেক পোড়েল আনীত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বর্তমানে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে এই অভিযোগ বিচারাধীন থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পুরো বিষয়টি মীমাংসা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন