বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আইপিএল ২০২৬: ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১, ২০২৬, ১১:১১ এএম

আইপিএল ২০২৬: ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের মধ্যকার রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৬ আসর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গুজরাটকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে বেঙ্গালুরু। 

মহাগুরুত্বপূর্ণ এই ফাইনালে মাত্র ৪২ বলে ৭৫ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি।দলগতভাবে বেঙ্গালুরু ট্রফি নিজেদের করে নিলেও এবারের আসরে ব্যক্তিগত পুরস্কার জয়ের দিক থেকে অনন্য এক ইতিহাস গড়ে সবার শীর্ষে রয়েছেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী।

রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী বিস্ময় বালক ওপেনার টুর্নামেন্টে একাই মোট ৫টি মর্যাদাপূর্ণ পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন। তিনি একাধারে আসরের উদীয়মান খেলোয়াড়, সুপার স্ট্রাইকার, সুপার সিক্সেস, সর্বোচ্চ রানসংগ্রাহক এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছেন। 

পুরো টুর্নামেন্টের ১৬টি ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরিসহ সূর্যবংশী মোট ৭৭৬ রান সংগ্রহ করেছেন, যেখানে তাঁর স্ট্রাইকরেট ছিল ২৩৭.৩০ যা আসরের সর্বোচ্চ। এছাড়া তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ৭২টি ছক্কা হাঁকিয়েছেন, যা দ্বিতীয় স্থানে থাকা অভিষেক শর্মার চেয়ে ২৯টি বেশি।সূর্যবংশীর এমন অতিমানবীয় ব্যাটিং পারফরম্যান্সের পাশাপাশি গুজরাট টাইটান্সের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন।

গুজরাটের সাই সুদর্শন আসরে সর্বোচ্চ ৭৫টি চার মেরে বিশেষ পুরস্কার জিতেছেন এবং তাঁর সতীর্থ প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ২৯ উইকেট নিয়ে আসরের সেরা বোলার হয়েছেন। এছাড়া দলটির তারকা বোলার মোহাম্মদ সিরাজ ১৭ ম্যাচে ১৭২টি ডট বল দিয়ে সর্বোচ্চ ডট বল দেওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে টুর্নামেন্টের সেরা ক্যাচের পুরস্কার জিতেছেন অভিজ্ঞ মানিশ পান্ডে এবং ক্রিকেটীয় নিয়মানুবর্তিতা বজায় রেখে ফেয়ার প্লে ট্রফি নিজেদের ঘরে তুলেছে পাঞ্জাব কিংস।