মে ২, ২০২৬, ০৩:২৪ পিএম
বলিউড অভিনেত্রী ও মডেল ইভলিন শর্মা তাঁর পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। স্বামী ইন্দো-অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন তুশান ভিন্ডির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এইচটি সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।ইভলিন শর্মা জানান, তাঁরা তাঁদের সম্পর্ক শেষ করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সন্তানদের একসঙ্গে বড় করে তোলার ব্যাপারে তাঁরা দুজনেই সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা এই নতুন অধ্যায়টিকে আজীবন বন্ধুত্ব ও কো-প্যারেন্টিংয়ের ভিত্তিতে শুরু করছি।" এই সময় তিনি সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ জানান।
২০১৯ সালে সিডনিতে তুশান ভিন্ডির সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন ইভলিন। এরপর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে—কন্যা অ্যাভা রানিয়া ভিন্দি ও পুত্র আরডেন। ২০২১ সালে বিয়ের এক মাস পরই ইভলিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের দীর্ঘস্থায়ীত্বের আশা প্রকাশ করেছিলেন।
অভিনয় জগতে ইভলিন শর্মার অভিষেক হয় ২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মাধ্যমে। এরপর তিনি ‘নটাঙ্কি শালা’, ‘ইয়ারিয়ান’, ‘মে তেরা হিরো’ এবং ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাহো’ ছবিতে তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন।
বর্তমানে বিচ্ছেদের এই নতুন পরিস্থিতিতে ইভলিন ও তুশান দুজনেই সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। সন্তানদের অভিভাবকত্ব বা কো-প্যারেন্টিংয়ের বিষয়টিকেই তাঁরা এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন