রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি করায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি: উজ্জ্বল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ০৭:২৭ পিএম

বিএনপি করায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি: উজ্জ্বল

সত্তর দশকের জনপ্রিয় চিত্রনায়ক ও বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ দাবি করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, বিএনপি করার কারণে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এফডিসির নানা সংকট ও নিজের দীর্ঘ ক্যারিয়ারের বঞ্চনার কথা তুলে ধরেন এই অভিনেতা। এফডিসির বর্তমান এমডিকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে উজ্জ্বল জানান, ড. ইউনুস সরকারের সময় নাহিদ ইসলাম এই এমডিকে বসিয়ে দিয়ে গেছেন। চুক্তিভিত্তিক এই নিয়োগ বাতিল করার জন্য তিনি তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

নায়ক উজ্জ্বল বলেন, যেদিন থেকে এই এমডি নিয়োগ পেয়েছেন, সেদিন থেকেই তাঁর বিরুদ্ধে আন্দোলন চলছে। গত দেড় বছরে তিনি চলচ্চিত্র শিল্পে কোনো অবদান রাখতে পারেননি এবং এফডিসির কোনো সমস্যার সমাধান করতে পারেননি বলে দাবি করেন এই বিএনপি নেতা।

১৯৭৯ সাল থেকে চলচ্চিত্রে কাজ করছেন উজ্জ্বল।

নিজের ক্যারিয়ারের বঞ্চনা নিয়ে প্রবীণ এই অভিনেতা জানান, ১৯৭৯ সাল থেকে তিনি সব সরকারের আমলেই ছবি করেছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো জাতীয় পুরস্কার পাননি। তিনি প্রশ্ন তোলেন, ‘আমি কি অযোগ্য সেজন্য পাইনি? আমার চেয়ে অধম অনেকেই অনেক কিছু পেয়েছে।’ তাঁর মতে, কেবল বিএনপি করার কারণে এবং কোনো আপস না করার কারণেই তাঁকে এই সম্মাননা থেকে দূরে রাখা হয়েছে।রাজনীতি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আদর্শের ওপর ভিত্তি করেই তিনি রাজনীতি করবেন এবং কোনো ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করবেন না। 

চলচ্চিত্রের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই শিল্পের উন্নয়ন হলে সবারই ভালো হবে।সংবাদ সম্মেলনে তিনি আরও যোগ করেন, যোগ্য ব্যক্তিদের মাধ্যমে চলচ্চিত্রের এই স্থবিরতা কাটাতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে চলচ্চিত্রের উন্নয়নের জন্যই তাঁরা একত্রিত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের সব সময় এই শিল্পের স্বার্থে কথা বলার জন্য অনুরোধ জানান প্রবীণ এই চিত্রনায়ক।