মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

সাবধান! ফোনে নজরদারি চালাচ্ছে এই ৯টি অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ১১:০৪ পিএম

সাবধান! ফোনে নজরদারি চালাচ্ছে এই ৯টি অ্যাপ

ফোনে বিপজ্জনক অ্যাপের নজরদারি

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। আধুনিক এই যুগে ভালো করে না বুঝে বা কোনো কিছু যাচাই না করে ফোনে অ্যাপ ইনস্টল করার প্রবণতা আপনাকে মারাত্মক বিপদে ফেলতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বেশ কিছু অ্যাপ স্মার্টফোনে গোপনে নজরদারি চালাচ্ছে এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। 

বিশেষ করে জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলোর নাম ও আইকন নকল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এক নতুন কৌশল গ্রহণ করেছে প্রতারক চক্র।

গবেষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপলের অ্যাপ স্টোরে প্রায় ২০ লাখ এবং গুগল প্লে স্টোরে ৩০ লাখের বেশি অ্যাপ রয়েছে। তবে এই অফিশিয়াল স্টোরগুলো থেকে অ্যাপ ডাউনলোড করলেই যে আপনি পুরোপুরি নিরাপদ, তা নিশ্চিতভাবে বলা যায় না। প্রতারকরা এমনভাবে এই ক্ষতিকর অ্যাপগুলো তৈরি করে যা দেখতে হুবহু আসল অ্যাপের মতোই মনে হয়। 

ইতোমধ্যে গবেষকরা এ ধরনের অন্তত ২০টি বিপজ্জনক অ্যাপের সন্ধান পেয়েছেন, যার মধ্যে ৯টি অ্যাপ অত্যন্ত জনপ্রিয় কিছু ডিজিটাল ওয়ালেট বা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের নকল সংস্করণ।এই তালিকায় থাকা উল্লেখযোগ্য অ্যাপগুলোর মধ্যে রয়েছে প্যানক্যাক সোয়্যাপ, সুয়েত ওয়ালেট, হাইপারলিকুইড, রেইডিয়াম, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়্যাপ এবং হার্ভেস্ট ফিন্যান্স ব্লগ।

 

মূলত এই নামী প্ল্যাটফর্মগুলোর বিশ্বস্ততাকে পুঁজি করে ব্যবহারকারীদের টাকা ও ব্যক্তিগত তথ্য চুরির ফাঁদ পাতা হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব ভুয়া অ্যাপের মাধ্যমে লেনদেন করলে অর্থ খোয়ানোর ঝুঁকি শতভাগ এবং একবার টাকা আত্মসাৎ হয়ে গেলে তা ফেরত পাওয়ার কোনো আইনি বা প্রযুক্তিগত উপায় থাকে না।তদন্তকারী দলগুলো এখনও আরও অনেক অ্যাপ নিবিড়ভাবে পরীক্ষা করে দেখছেন। 

আশঙ্কা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে এই বিপজ্জনক তালিকার পরিধি আরও দীর্ঘ হতে পারে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেকোনো অ্যাপ ইনস্টল করার আগে সেটির রেটিং, রিভিউ, ডাউনলোডের সংখ্যা এবং মূল ডেভেলপার প্রতিষ্ঠানের নাম যাচাই করা অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায়, আসল অ্যাপের নামের বানান সামান্য পরিবর্তন করে বা আইকন নকল করে ভুয়া অ্যাপগুলো ছাড়া হয়।

যদি আপনার স্মার্টফোনে ইতোমধ্যে উল্লিখিত তালিকার কোনো অ্যাপ ইনস্টল করা থাকে, তবে অনতিবিলম্বে সেগুলো ডিলিট করার জোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র অ্যাপ ডিলিট করলেই হবে না, সংশ্লিষ্ট ওয়ালেটের পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডও দ্রুত পরিবর্তন করা প্রয়োজন। নিজের ডিজিটাল সম্পদ ও গোপনীয়তা রক্ষা করতে অপরিচিত কোনো উৎস বা সন্দেহজনক লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকাই হবে বর্তমান সময়ের জন্য সবচেয়ে কার্যকর সুরক্ষা।