এপ্রিল ৬, ২০২৬, ০৭:১৪ পিএম
প্রচলিত বাংলায় একটি অতি পরিচিত প্রবাদ আছে যে আগে দর্শনধারী ও পরে গুণবিচারী। এই প্রবাদটি বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ক্ষেত্রে যেন আরও বেশি কার্যকর হয়ে উঠেছে। মানুষের বাস্তব জীবনের আচরণের পাশাপাশি তার ভার্চুয়াল জগতের উপস্থিতি এখন ব্যক্তিত্বের অন্যতম মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে।
আমরা যখনই কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, সবার আগে আমাদের চোখ পড়ে তার প্রোফাইল পিকচার বা ডিপি’র দিকে। মজার বিষয় হলো এই প্রোফাইল পিকচার দেখে একজন মানুষের স্বভাব ও মানসিকতা সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য দেওয়া সম্ভব।
বর্তমান বিশ্বায়নের এই সময়ে ছবি তোলার জন্য এখন আর অন্যের সাহায্যের খুব একটা প্রয়োজন পড়ে না কারণ প্রতিটি স্মার্টফোনেই রয়েছে উন্নত মানের সেলফি মুড। ফলে অনেক ব্যবহারকারীর প্রোফাইল পিকচারে কেবল সেলফি দেখতে পাওয়া যায়।
বিশেষজ্ঞরা মনে করেন যারা কেবল সেলফি আপলোড করেন তারা সাধারণত নিজেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এমন মানুষরা অন্যের ওপর খুব একটা ভরসা করতে পারেন না এবং তারা ছবি তোলার ক্ষেত্রেও স্বনির্ভর থাকতেই বেশি পছন্দ করেন। এটি তাদের আত্মকেন্দ্রিকতা ও আত্মনির্ভরশীলতার একটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়।অন্যদিকে প্রোফাইল পিকচার দেখে মানুষ চেনা যায় তাদের শখ ও আগ্রহের জায়গা থেকেও। যেমন কেউ যদি নিভৃতে ঘরে থাকাতে স্বাচ্ছন্দ্যবোধ না করে বরং প্রতিনিয়ত ঘুরে বেড়ানোর ছবি আপলোড করেন তবে তাকে নিশ্চিতভাবেই ভ্রমণপ্রেমী হিসেবে ধরে নেওয়া যায়।
এই ধরনের ব্যক্তিরা সাধারণত মুক্তমনা ও বহির্মুখী স্বভাবের হয়ে থাকেন। আবার যারা তাদের প্রোফাইলে গাছ, লতাপাতা, ফুল-ফল কিংবা পশু-পাখির ছবি দিয়ে রাখেন তাদের ব্যক্তিত্ব একটু ভিন্ন ঘরানার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা নিজেদের পরিচয় নিয়ে কিছুটা আড়ালে থাকতে চান কিংবা নিজের জীবন নিয়ে খুব একটা গুরুত্ব সহকারে ভাবেন না। এটি অন্যদের বিভ্রান্ত করার একটি কৌশলও হতে পারে।
অনেকে আবার নিজের পুরো চেহারার বদলে প্রোফাইল পিকচারে ক্রপ করা বা আংশিক কাটা ছবি ব্যবহার করেন। মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী যারা নিয়মিত এ ধরনের ছবি প্রোফাইলে রাখেন তারা নিজের চেহারা বা বাহ্যিক রূপ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী নন। অন্যদিকে মানুষ স্বভাবগতভাবেই স্মৃতিপ্রেমী হয়ে থাকে যার কারণে অনেকেই শৈশবের ছবি প্রোফাইলে রাখতে পছন্দ করেন। যারা নিজেদের ফেলে আসা ছেলেবেলাকে অনেক বেশি মিস করেন কিংবা অতীতের সুন্দর সময়গুলোতে আটকে থাকতে চান তারাই মূলত বর্তমানের বদলে ছোটবেলার ছবিকে ডিপি হিসেবে বেছে নেন।
সবশেষে বলা যায় যারা প্রোফাইল পিকচারে নিজের একার ছবির বদলে সঙ্গীর সাথে ছবি ব্যবহার করতে পছন্দ করেন তারা সাধারণত সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। বেশিরভাগ মানুষ যখন সামাজিক মাধ্যমে নিজেকে জাহির করতে ব্যস্ত থাকেন, তখন কেউ সঙ্গীর সঙ্গে ছবি দিলে বুঝতে হবে তাদের জীবনে সেই মানুষের গুরুত্ব ও ভালোবাসা অনেক বেশি গভীর। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলোই একজন মানুষের মানসিক অবস্থা ও দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে যা সাধারণ দৃষ্টিতে হয়তো আমাদের কাছে নজরে আসে না।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন