জুলাই ৯, ২০২৬, ১১:০৫ এএম
জুলাই মাসে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে আসছে নতুন সব মডেল। ফ্ল্যাগশিপ, ফোল্ডেবল এবং মিড-রেঞ্জ সেগমেন্টে ডিভাইস আনার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং বড় ব্যাটারির সমন্বয়ে নতুন প্রজন্মের স্মার্টফোন নিয়েই এখন প্রযুক্তি অঙ্গনে আলোচনা তুঙ্গে।
স্মার্টফোন বাজারে এবার স্যামসাংয়ের নতুন সব মডেল নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি। আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৮, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রা এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ উন্মোচন করতে পারে। পাশাপাশি এআই-ভিত্তিক নতুন কিছু ফিচারও এসব ডিভাইসে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে মটোরোলা তাদের মটোরোলা জি ৭৭ পাওয়ার উন্মোচন করেছে। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৩০ ওয়াট টার্বো চার্জিং, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট এবং টেকসই কাঠামোর কারণে ফোনটি প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।
বাজারে আসার অপেক্ষায় থাকা অন্যান্য ডিভাইসের তালিকায় রয়েছে অপো রেনো ১৬ প্রো, আইকিউ ১১ ৫জি, নাথিং ফোন ৪বি এবং ইনফিনিক্স জিটি ৫০ প্রো। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এসব ফোনে উচ্চ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, দ্রুত চার্জিং ও এআই-নির্ভর ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হবে।
২০২৬ সালে স্মার্টফোন নির্মাতারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার, উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ফোল্ডেবল ডিজাইনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের বাজারেও এসব স্মার্টফোন ধাপে ধাপে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয় পর্যায়ে মডেলগুলোর দাম ও প্রাপ্যতা নির্ভর করবে ব্র্যান্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন