মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

ইউটিউব পার্টনার প্রোগ্রামে আসছে নতুন কঠোর শর্ত

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০২:৪৪ পিএম

ইউটিউব পার্টনার প্রোগ্রামে আসছে নতুন কঠোর শর্ত

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ইউটিউব থেকে আয় করতে আগ্রহী নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। আগামী বছরের শুরু থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে বিজ্ঞাপন ও প্রিমিয়াম আয়ের যোগ্যতা অর্জনের শর্ত আরও কঠিন করা হচ্ছে।নতুন নিয়ম কার্যকর হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে। ইউটিউব জানিয়েছে, নতুন শর্ত গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি ২০২৭। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত গ্রহণ না করলে আয় অব্যাহত রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

নতুন মনিটাইজেশন নিয়মে সাধারণ ভিডিও এবং শর্টসের আয় কাঠামোগুলো আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। সাধারণ ভিডিওর ক্ষেত্রে ভিডিও দেখার পেজে বিজ্ঞাপন থেকে পাওয়া নিট আয়ের পঞ্চান্ন শতাংশ ক্রিয়েটরদের দেওয়ার নিয়ম রাখা হয়েছে। এছাড়া ইউটিউব প্রিমিয়াম ও প্রিমিয়াম লাইটের আয়ও নির্দিষ্ট হিসাব অনুযায়ী ভাগ হবে।

অন্যদিকে ইউটিউব শর্টসের জন্য আলাদা কাঠামো রাখা হয়েছে। শর্টস ফিডে বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের ক্ষেত্রে ক্রিয়েটরদের পঁয়তাল্লিশ শতাংশ দেওয়ার কথা বলা হয়েছে। প্রিমিয়াম লাইট এবং ইউটিউব মিউজিক থেকেও কনটেন্টের দেখার সময়ের ওপর ভিত্তি করে আয় পাওয়ার নিয়ম রাখা হয়েছে।

শর্টস নির্মাতাদের জন্য অন্যের কনটেন্ট বা সংগীত ব্যবহারের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন এসেছে। কোনো শর্টসে অন্যের কনটেন্ট ব্যবহার করা হলে সেই ভিডিওর প্রতিটি ভিউয়ের পুরো কৃতিত্ব শুধু আপলোডকারী ক্রিয়েটর নাও পেতে পারেন। অবদান অনুযায়ী ভিউ ও আয় ভাগ হতে পারে।ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকা ক্রিয়েটরদের নতুন শর্তগুলো ভালোভাবে পড়ে নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।