রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে যে ৫ বিষয়ে পরামর্শ নেওয়া উচিত নয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ১১:৫৪ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে যে ৫ বিষয়ে পরামর্শ নেওয়া উচিত নয়

কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান যুগে মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান সহায়ক শক্তিতে পরিণত হয়েছে। তথ্য অনুসন্ধান, লেখালেখি কিংবা নানা ধরনের পরিকল্পনা তৈরিতে এর ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে এআই যতই উন্নত হোক না কেন, এটি মানুষের প্রকৃত বিকল্প হতে পারে না। বিশেষ করে ব্যক্তিগত অনুভূতি, সৌন্দর্য কিংবা অর্থের মতো সংবেদনশীল বিষয়ে এর ওপর পুরোপুরি নির্ভর করা চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।

এ কারণে প্রযুক্তি বিশেষজ্ঞরা অন্তত পাঁচটি নির্দিষ্ট বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে পরামর্শ না নেওয়ার পরামর্শ দিয়েছেন।প্রথমত, নিজের চেহারা, সৌন্দর্য কিংবা পোশাকের মান মূল্যায়নের জন্য এআইয়ের ওপর নির্ভর করা উচিত নয়। ইতিবাচক মনোভাব প্রদর্শনের জন্য প্রশিক্ষিত হওয়ায় এআই মানুষের বাস্তব ত্রুটিগুলো অনেক সময় নিখুঁতভাবে তুলে ধরতে পারে না। 

দ্বিতীয়ত, ভালোবাসা বা আবেগের জটিল সমীকরণ বিচার করতে এআই অক্ষম। মানুষের মনস্তাত্ত্বিক অনুভূতি ও সম্পর্কের গভীরতা পরিমাপের ক্ষমতা এর নেই। তৃতীয়ত, নিজের বুদ্ধিমত্তা বা আত্মমর্যাদা যাচাইয়ের মাপকাঠি হিসেবে এআইকে বিচারক মানা ভুল। বিপুল তথ্য প্রক্রিয়াজাত করতে পারলেও মানুষের ব্যক্তিত্ব ও প্রতিভার সঠিক মূল্যায়ন এর পক্ষে সম্ভব নয়।

চতুর্থত, বিনিয়োগ বা সঞ্চয়ের মতো বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেবল এআইয়ের ওপর ভরসা করা নিরাপদ নয়। বাস্তব জীবনের আয়, ঝুঁকি ও করসংক্রান্ত জটিলতাগুলো এআই সঠিকভাবে বিবেচনা করতে পারে না। পঞ্চমত, মানবিক সাহায্য বা তাৎক্ষণিক সামাজিক সংকটে এআই কোনো বাস্তব সহযোগিতা প্রদান করতে পারে না। পরিশেষে, এআইকে কেবল কাজের সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহার করাই শ্রেয়।