ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:১৬ এএম
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসীম মুনির আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জার্মানিতে অনুষ্ঠিত ৬২তম মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের সাইডলাইন বৈঠকে গত শনিবার তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা জোরদার এবং দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি প্রাধান্য পায়। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জার্মানি সফর করেন আসীম মুনির। সফরকালে তিনি কেবল যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেই নয়, বরং জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল কারস্টেন ব্রিউয়ারের সঙ্গেও দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
এসব বৈঠকে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে বিশ্বশান্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়াও পাকিস্তানের সেনাপ্রধান ব্রাজিল ও লেবাননের সামরিক কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
ব্রাজিলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব দ্য জয়েন্ট স্টাফ অ্যাডমিরাল রেনাটো রড্রিগুয়েস এবং লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল রোডলফ হেকালের সঙ্গে বৈঠকে সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, এই সফর বৈশ্বিক নিরাপত্তা স্থিতিশীলতায় পাকিস্তানের সক্রিয় ভূমিকারই একটি অংশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন